কুমিল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৬ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে শাহিনুর আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী জাহাঙ্গীর আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) ভোরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদেকপুর উত্তর পাড়া গ্রামের আবদুল আউয়াল মাস্টার বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দু'টি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণি ও ছোট ছেলে সাকিব নবম শ্রেণিতে পড়ে।

জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার বাহিনীতে কর্মরত রয়েছেন। ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়িতে আসেন তিনি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দাম্পত্য কলহের জেরে লাঠিপেটা করলে শাহিনুর গুরুতর আহত হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা থানায় খবর দিলে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্যে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাহিদ টাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।