বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন আলী আশরাফ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ এমপির দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চতুর্থ ও শেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান এ রাজনীতিবিদকে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
এর আগে শুক্রবার (৩০ জুলাই) রাত ৯টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় কুমিল্লার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় মাঠে দ্বিতীয় ও বাদ জোহর দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই পিত্তথলির পাথর অপসারণের জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা ধরনের শারীরিক জটিলতা ছিল। ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম