ভাতার টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:২৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার মুরাদনগরে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক ইউপি সদস্য (মেম্বার)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার ৮ নং আমলি আদালতে টনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইনের বিরুদ্ধে মামলা করেন ৪ নং ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী একজন ইউপি সদস্য সরকার থেকে প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে ৩৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৪৪০০ টাকা পাবেন। সেই হিসেবে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা পাওয়ার কথা ইউপি সদস্য মজিবুর রহমানের। কিন্তু ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন সরকার দুই দফায় ইউপি সদস্য মজিবুর রহমানকে ২৫ হাজার টাকা দিলেও বাকি ১ লাখ ২০ হাজার ২০০ টাকা দিচ্ছেন না।

মামলার বাদী মজিবুর রহমান বলেন, ‘চেয়ারম্যান জাকির হোসাইন আমার ১ লাখ ২০ হাজার ২০০ টাকা আত্মসাত করেছেন। কোন ভাবেই তিনি আমার সম্মানী ভাতা দিচ্ছেন না। তার কাছে টাকা চাইলেই টালবাহানা করেন। সবশেষ গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চেয়ারম্যানের কাছে পাওনা টাকা চাওয়া হলেও তিনি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই আদালতে তার বিরুদ্ধে মামলা করেছি।’

টনকি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে। বিগত সময়েও আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছিল। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

জাহিদ পাটোয়ারী/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।