পঞ্চগড়ে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:১০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে কুলসুম আক্তার (৩) ও মুহিন খান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মাঝাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কুলসুম ওই এলাকার কদম আলীর মেয়ে ও মুহিন খান দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এরা সম্পর্কে খালা ও ভাগিনা। এই ঘটনায় মাঝাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কারণে শিশু মুহিন খান ও তার মা কদম আলীর বাসায় থাকতেন। মঙ্গলবার বিকেলে দুই শিশু বাড়িতেই খেলছিল। সন্ধ্যার আগে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে কুলসুম ও মুহিনকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, দুই শিশু বাড়িতেই খেলা করছিল। একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়ে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।