কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৪ অক্টোবর ২০২১
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে ফারিয়ান হোসেন (১৭ মাস) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার ছেলে মো. তামিম হোসেন (২)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তামিমের নানা আবু তাহের মিয়াজী ওরফে তানু মিয়া বলেন, ২০ দিন আগে নাতি তামিম হোসেনের পরিবার তাদের বাড়ি বেড়াতে আসে। রোববার দুপুরের পর থেকে ফারিয়ান ও তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে।

শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার জাগো নিউজকে বলেন, মান্দারিয়া গ্রামে একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাহিদ পাটোয়ারী/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।