ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডে প্লাস্টিকের লেমিনেশন ব্যবহারে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় দাওয়াত ও ভিজিটিংসহ সব ধরনের কার্ডে প্লাস্টিকের লেমিনেশন করা যাবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুদ্রণ শিল্প মালিক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘যে কোনো ধরনের প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মুদ্রণশিল্পের সঙ্গে জড়িতদের অনুরোধ করবো তারা যেন দাওয়াত কার্ড, ভিজিটিং কার্ড ও পোস্টারে লেমিনেশন না করেন।’

তিনি আরও বলেন, ‘যে কোনো কাজ নিজের ঘর থেকে শুরু করা উচিত। তাই আজ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কোনো কার্ড লেমিনেশন করা হবে না। অন্যান্য অফিসগুলোকেও এ-সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘এর আগেও পরিবেশ অধিদপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা এমন জোরালো ছিল না। জেলা প্রশাসক আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো। তবে গ্রাহকদেরও এ বিষয়ে সহযোগিতা করতে হবে।’

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।