গোলাম পরওয়ার

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। তাছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিবো আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দিবে।’

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নগরীর একে স্কুল মাঠে জামায়াতের মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি রমজানের ফজিলত সম্পর্কে বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি মাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এ বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায় তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন তাহলে কোনো অনিয়ম শোষণ জুলুম সমাজে থাকবে না।

বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিকের সঞ্চালনায় এসময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর শিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।