কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কৃষক এ কে এম সেলিম (৩৮)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে এ মামলা করা হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী এ কে এম সেলিম চৌদ্দগ্রাম উপজেলার জুগীরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন জানান, ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জুগীরকান্দি গ্রামে এলাকাবাসীর ভাড়া করা চারটি এক্সকভেটর ভাংচুরের পর কেরসিন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে সেলিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জাগো নিউজকে বলেন, মামলার বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম। কাগজপত্র পেলে অফিসিয়ালী বক্তব্য দেব।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক চারটি এক্সকভেটর জব্দ করে জ্বালিয়ে দেন। এসময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামের দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।