সড়ক সংস্কারে বিলম্ব, কুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
দ্রুত সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করছেন শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ধরে সড়কে গাছের গুড়ি ফেলে করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন স্থানীয়রা।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১০ দিনের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ তুলে নেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের আগস্ট মাসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক সংস্কারের কাজ শুরু হয়। গত সাত মাসেও শেষ হয়নি খোঁড়াখুঁড়ির কাজ। বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় পিকনিক স্পট থাকায় সবসময়ই চলাচল করে ভারী পরিবহন। ফলে সড়কের ধুলোবালির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

jagonews24

গেল বছরের মাঝামাঝি এলজিইডি থেকে এ কাজের দায়িত্ব নেন মোস্তাফা কামাল লিটন নামের এক ঠিকাদার। পরে চৌয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ম্যানেজারের দায়িত্ব দেন। দীর্ঘসময় ধরে সংস্কার শেষ না করায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একধিক ছাত্র বলেন, রাস্তা মেরামতের নামে পুরো রাস্তাটা খুঁড়ে বেহাল দশা করেছেন ঠিকাদার। এতে ধুলাবালিতে আমরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। আগামী ১০ দিনের মধ্যে কাজ শুরু না করলে কঠোর আন্দোলনে যাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, এ রাস্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ না। তবে শিক্ষার্থীরা যেহেতু সড়ক অবরোধ করেছে তাই আমি উপাচার্যের সঙ্গে কথা বলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গেও কথা বলেছি। এছাড়া আমরা নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দিয়েছি যাতে দ্রুত সংস্কার কাজ শুরু করে।

এ বিষয়ে ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমার কিছু বিল আটকে আছে। তবুও আমি আগামী ১০ দিনের মধ্যে কাজ শুরু করব। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত কাজ করে দিব প্রথমে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।