পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সিজিটিএন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে প্রস্তাবিত ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছে চীন।

বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীনের পারমাণবিক অবস্থা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়। এই পর্যায়ে চীনকে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে বলা ন্যায় বা বাস্তবসম্মত নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি চীনকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একটি পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবেই মাও নিং-এই মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে চীন একাধিকবার তার অবস্থান স্পষ্ট করেছে। বিপুল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ ও প্রধান দায়িত্ব হলো আন্তরিকভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিস্তৃত ঐকমত্য।

এদিকে পেন্টাগন চীনের সামরিক তৎপরতা নজরদারি জোরদারে অতিরিক্ত ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার বাজেট চেয়েছে। এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত ‘চীন হুমকি’কে অজুহাত হিসেবে ব্যবহার করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক নয় এবং এ অঞ্চলের দেশগুলোর স্বার্থেও নয়।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন কংগ্রেসে একটি নথি পাঠিয়েছে, যেখানে চীনের সামরিক মহড়া, সাবমেরিন ও স্যাটেলাইট কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এ পদক্ষেপ চীনা সামরিক সম্প্রসারণ মোকাবিলায় অভূতপূর্ব পদক্ষেপ।

সূত্র:আনাদোলু এজেন্সি

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।