কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাসে চোর সন্দেহে মাহবুবুর রহমান ওরফে টারজেন (২৫) নামে এক যুবক পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার জিয়ারকান্দি ইউপির নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মাহবুবুর রহমান উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শাহ আলম ভূঁইয়ার ছেলে।

স্থানীরা জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নোয়াগাঁও গ্রামের আজহারুল ইসলামের মুদি দোকানের চালের টিন কেটে কেউ একজন ভেতরে প্রবেশ করেন। আজহারুলের চাচাতো ভাই তৌফিক বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে কল করে তাকে জানান। এক পর্যায়ে আজহারুল লোকজন নিয়ে ছুটে এসে দোকানের দরজা খুলে খাটের নিচে টারজেনকে দেখতে পান।

এসময় উত্তেজিত লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় দেখে স্থানীয় কয়েকজন মিলে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে টারজেন মারা যান।

এ বিষয়ে জানতে মুদি দোকানি আজহারুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।