দাদাবাড়ির আমগাছে ঝুলছিল কিশোরীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৫ মার্চ ২০২২
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গণ্ডগোহালী গ্রামে দাদাবাড়ির পেছনে আমগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোসনেয়ারা প্রান্তি ওই গ্রামের হাসানুজ্জামান বাবুর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, প্রান্তি গত বছর পরিবারের অমতে পালিয়ে গিয়ে পৌর সদর এলাকার কাঁঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামকে বিয়ে করেন। তাদের বিয়েতে উভয় পরিবারের সম্মতি ছিল না। এ কারণে প্রান্তি স্বামীর সঙ্গে দেখা করার জন্য প্রায় সময় তার বাড়ির একটু দূরে দাদা নাজিম উদ্দীনের বাড়িতে যেতেন। গত শুক্রবারও দাদার বাড়িতে গিয়েছিলেন তিনি।

তবে শনিবার (৫ মার্চ) ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় ঘরের পাশে থাকা একটি আমগাছের ডালে প্রান্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান তার দাদা। পরে থানায় খবর দেন তিনি।

জানতে চাইলে প্রান্তির দাদা নাজিম উদ্দীন বলেন, ‘রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। এরপর সকালে ফজরের নামাজ পড়তে বের হই। বাড়ির বাইরে গিয়ে প্রান্তিকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তার শরীর ও মুখমণ্ডল ধুলোবালিতে মাখানো ছিল। তার শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্নও আছে।’

প্রান্তির বাবা হাসানুজ্জামান বাবুর দাবি, ‘কিছুদিন আগে মেয়ে আমাদের এখানে বেড়াতে আসে। এরপর গত বৃহস্পতিবার সে লোকমুখে শুনেছে, তাকে তালাক দেওয়া হয়েছে। এ খবরে দুঃখে সে আত্মহত্যা করে থাকতে পারে।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জাগো নিউজকে বলেন, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের বাবা-মা, দাদা-দাদি ও তার ভাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

ফয়সাল আহমেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।