রাজশাহীতে অস্ত্র-হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৮ মে ২০২২
গ্রেফতার দুই মাদক কারবারি

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর থেকে অস্ত্র ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়ার বানেশ্বর-চারঘাটগামী পাকা রাস্তার পূর্ব পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মো. মোনারুল ইসলামের ছেলে মো. কামাল (৪১) ও চারঘাট উপজেলার শিবপুর গ্রামের মো. সাইনুদ্দিনের ছেলে মো. সাব্বির উদ্দিন (২৮)।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইফতে খায়ের আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কামাল ও সাব্বির দুজনেই চারঘাট উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ও অস্ত্রের কারবারে যুক্ত ছিলেন। তাদের দুজনের নামে মাদকসহ অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও তারা দুজনের নামেই রয়েছে হত্যা মামলা। চলতি বছরের ১৫ মার্চ তাতারপুর মন্ডলপাড়া গ্রামের শাবাজ মন্ডলকেকুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় কামাল এক নম্বর ও সাব্বির তিন নম্বর আসামি।

গ্রেফতারের সময় তাদের শরীর তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন, একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুইটি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জেলা পুলিশের এ মুখপাত্র বলেন, পূর্বের মামলায় গ্রেফতার করা হলেও তাদের কাছে প্রাপ্ত অস্ত্র ও হেরোইনের বিষয়ে নতুন করে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফয়সাল আহমেদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।