বান্দরবানে হোটেল বুকিংয়ে সাড়া কম
বছরজুড়েই ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে পাহাড়কন্যা খ্যাত বান্দরবানে। সরকারি বিশেষ ছুটির দিনগুলোতে পর্যটকদের এ আগমন কয়েকগুণ বাড়ে। তবে এবার ঈদুল আজাহার ছুটিতে হোটেল বুকিংয়ে পর্যটকদের সাড়া কম।
শুক্রবার (৮ জুলাই) আবাসিক হোটেল ব্যবসায়ীরা এমন তথ্য জানান। ফলে কাঙ্ক্ষিত গ্রাহক নিয়ে হতাশায় তারা।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে কাঙ্ক্ষিত অগ্রিম বুকিংয়ে সাড়া পাচ্ছেন না তারা। বান্দরবানের অধিকাংশ আবাসিক হোটেলগুলোতে ২০ শতাংশ এবং কিছু হোটেলে ৫০ শতাংশ পর্যন্ত কক্ষ আগাম বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।
হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ৯,১০ ও ১১ জুলাই সরকারি ছুটি হলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি রয়েছে ১৬ জুলাই পর্যন্ত। ঈদ পরবর্তী ১৩ জুলাই গড়ে ৪০ শতাংশ আগাম হোটেল বুকিং হয়েছে।
জেলার পর্যটন মেটাল, হোটেল গ্র্যান্ড ভ্যালি, হোটেল নাইট হেভেন, হোটেল হিল ভিউ, হোটেল গার্ডেন সিটি ও হোটেল হিলটনে ১৩ জুলাই ৩০ থেকে ৪০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।
হোটেল নাইট হেভেনের রিসিপশনে দায়িত্বে থাকা কাজী জিয়াউদ্দিন শাকিল জাগো নিউজকে বলেন, ‘অন্যবার এমন সময়ে ৭০ থেকে ৮০ শতাংশ আগাম বুকিং পাওয়া যেত। এবার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। এ পর্যন্ত হোটেল বুকিং মাত্র ২০ শতাংশের নিচে নেমে গেছে।’
হোটেল গার্ডেন সিটির দায়িত্বে থাকা মো. আরমান বলেন, ‘ঈদুল আযহার ছুটিতে অন্য বছর যেমন অগ্রিম বুকিংয়ের হিড়িক থাকতো এবার এখনো পর্যন্ত তেমন সাড়া নেই।’
হোটেল হিল ভিউর ম্যানেজার আব্দুর রহিম বলেন, ‘এবার ঈদুল আজহা উপলক্ষে প্রত্যাশা অনুযায়ী হোটেলের আগাম বুকিং তেমন নেই। আজ পর্যন্ত মাত্র ২৫ শতাংশ আগাম বুকিং হয়েছে।
হোটেল হিলটনের জেনারেল ম্যানেজার আক্কাস উদ্দিন সিদ্দিকী বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী হোটেল বুকিং হয়নি। আজ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ বরাদ্দ পেয়েছি।’
গ্রিনপিক রিসোর্টের চন্দ্র মোহন ত্রিপুরা বলেন, ‘রিসোর্টের কক্ষগুলো অন্য হোটেল থেকে ব্যতিক্রম। কটেজ আকারে আমাদের কক্ষগুলো। ঈদ উপলক্ষে ৩০ শতাংশ মূল্য ছাড় দিয়েছি। এ পর্যন্ত রিসোর্টের প্রায় ৬০ শতাংশ কক্ষ অগ্রিম বরাদ্দ পেয়েছি।’
বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, বর্তমানে বান্দরবানে পাঁচ হাজারের অধিক পর্যটক ধারণক্ষমতা রয়েছে। বিশেষ ছুটির দিনগুলোতে বান্দরবান ভ্রমণপ্রত্যাশী পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে বান্দরবান।তবে এবার দেশে বন্যা ও পারিপার্শ্বিক কারণে তেমন বুকিং পায়নি জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। ২০ থেকে ৬০ শতাংশ আগাম বুকিং হয়েছে।
বান্দরবান টুরিস্ট পুলিশ কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, আসন্ন ঈদুল আজহা ও টানা ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান টুরিস্ট পুলিশের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা টুরিস্ট পুলিশ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস