লক্ষ্মীপুরে রসমালাই খেয়ে একই পরিবারের ৩ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৫ জুলাই ২০২২

লক্ষ্মীপুরে রসমালাই খেয়ে শিশুসহ একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৫ জুলাই) দুপুরে তাদের মডেল হাসপাতালে (প্রাইভেট) ভর্তি করা হয়। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন বৃদ্ধা সুফিয়া খাতুন (৭০), তার জা শরিফা খাতুন (৭০) ও শিশু সাদমিন বেলাল রিথি (৩)।

তারা লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকার রাজ্জাক কয়েল বাড়ির বাসিন্দা। শিশু রিথি সুফিয়ার নাতনি রুবি আক্তারের মেয়ে।

jagonews24

স্বজনরা জানান, রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় সুফিয়ার নাতি ইয়াকুব আলী বাবলু জেলা শহরের উত্তর তেমুহনী এলাকার হোটেল নুরজাহান (স্পেশাল বাংলা ও চাইনিজ) থেকে রসমালাই ও দধি কেনেন। সোমবার সকালে সুফিয়া, শরিফা ও রিথি রসমালাই খাওয়ার পর থেকে একাধিকবার বমি করে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে দুপুরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু রিথির মা রুবি আক্তার জানান, রসমালাই খাওয়ার পর থেকে তার নানি ও মেয়ে কয়েকবার বমি করেন। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

jagonews24'

এ বিষয়ে নুরজাহান হোটেলের ম্যানেজার মো. বাবুল বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। রসমালাই মেয়াদোত্তীর্ণ ছিল না। আমাদের তৈরি করা রসমালাই ও দধি একদিনের বেশি থাকে না। এ ধরনের অভিযোগ কখনো আসেনি।’

লক্ষ্মীপুর মডেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিলন কুমার ঘোষ বলেন, রসমালাই মেয়াদোত্তীর্ণ ছিল বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বমি করায় ওই তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কাজল কায়েস/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।