কুমিল্লায় গৃহবধূ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লার মেঘনায় গৃহবধূকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন মঙ্গলবার (১১ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন, রাকিব ও মানিকারচর এলাকার তাছির। তাদের মধ্যে তাছির পলাতক আছেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহবধূ জামিলা বেগম নিখোঁজ হন। ২৪ জুন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন জামিলার স্বামী আবদুল হাকিম মেঘনা থানায় মামলা করেন। তদন্তের পর চারজনকে আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে পুলিশ।
দীর্ঘ তদন্ত এবং আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক সুমন, রাকিব ও তাছিরকে মৃত্যুদণ্ড দেন। হত্যায় জড়িতের প্রমাণ না পাওয়ায় খালাস দেওয়া হয় টিটুকে। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন উপস্থিত তিন আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস