ভৈরবে এক রাতে কৃষকের চার গরু চুরি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৯ অক্টোবর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় কলিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে পরিখারপার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দিনগত রাতে কৃষক কলিম উদ্দিনের গোয়াল ঘর থেকে একদল দুর্বৃত্তরা দুটি ক্রস অস্ট্রেলিয়ান জাতের দুটি গাভী ও দুটি বড় বাছুর গরুসহ মোট চারটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক দাম চার লাখ টাকা। পরে টের পেয়ে কৃষক ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে তার গরু নেই। তাৎক্ষণিক এলাকার মসজিদের মাইকিং করে চুরির ঘটনা জানালে এসময় শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্তু তখন চোরের কোনো সন্ধান পায়নি।

এছাড়া একই গ্রামে গত সেপ্টেম্বর মাসে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. বোরহান মিয়ার গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়।

গ্রামবাসীর ধারণা, গ্রামের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অন্য গ্রাম থেকে এসে একটি চক্র এলাকার বিভিন্ন গোয়াল ঘর থেকে গরু চুরি করেছে। এসব গরু চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।

ভুক্তভোগী কৃষক কলিম উদ্দিন বলেন, প্রতিদিনের মতোই গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায়। এ চারটি গরুই আমার শেষ সম্বল। চার লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার জানান, শীত আসতে না আসতেই গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। প্রায়ই ঘটছে গরু চুরির ঘটনা। এখন গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেয়। পাহারা দেওয়ার মাঝেও আজ রাতে পরিখারপার এলাকার কৃষকের চার গরু চুরি হয়ে গেছে। ঘটনাটি আসলেই মর্মান্তিক।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম মোল্লা বলেন, মানিকদি গ্রামের পরিখারপার এলাকা থেকে এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ কাজ করছে।

রাজীবুল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।