ধামরাইয়ে বাসচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০২ নভেম্বর ২০২২

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুতগতির বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম। তাদের বাড়ি ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকায় বলে জানা গেছে।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেল যোগে নিজ কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় শ্রীরামপুর এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পালিয়ে যাওয়া বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।