সাড়ে ৬ ঘণ্টা পর মোংলায় বাস চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০২ নভেম্বর ২০২২

ভ্যান শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বাস বন্ধ করেছিলেন মোংলার বাসচালক ও শ্রমিকরা। তবে উভয়পক্ষের মধ্যে আলোচনা শেষে সাড়ে ছয় ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে একটি বাস একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়। এসময় ভ্যানচালক মমিন ও তার সহযোগী নুরুল হক বাসচালক প্রশান্তকে মারধর ও গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এ নিয়ে বাসচালক-হেলপার এবং ভ্যানচালক-শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, এ ঘটনার সঙ্গে সঙ্গে মালিক সমিতির নির্দেশে সকাল ৮টায় বাস চলাচল বন্ধ করে দেন চালক-হেলপাররা। এতে দুপুর আড়াইটা পর্যন্ত মোংলা থেকে বাস চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসন এ ঘটনার বিচারের জন্য শনিবার দিন ধার্য করলে আড়াইটার পরপর বাস চলাচল শুরু হয়। শনিবারের বৈঠকে বাস মালিক সমিতি, রিকশা-ভ্যান সমিতি, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত থাকবেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাস ও ভ্যানচালকের দ্বন্দ্বের বিষয়টি সুরাহার জন্য শনিবার ইউএনও কার্যালয়ে বসার সিদ্ধান্ত হয়েছে। পরে উভয়পক্ষ বিষয়টি মেনে নিলে আড়াইটার দিকে মহাসড়কে ফের বাস চলাচল শুরু হয়।

আবু হোসাইন সুমন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।