কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে আব্দুল কাদের নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের উপজেলার কোমার ডোগা গ্রামের মালু মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৪ জুন যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন আব্দুল কাদের। এ ঘটনার চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়েতে ৫০ হাজার টাকা যৌতুকের কথা থাকলেও মেয়ের বাড়ি থেকে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ৩০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন আব্দুল কাদের।

এ ঘটনায় নিহত নারীর বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। ঘটনার ১৩ বছর পর মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।