আদালতে হট্টগোল

বরিশালের বিএনপিপন্থি সেই আইনজীবী নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের পর বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভের মধ্যে তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান বাচ্চু বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে মহানগর হাকিমের দ্রুত বিচার আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর এই আদেশের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিন আবেদনের শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন।

তিনি আরও বলেন, তারা সভাপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আদালত অনুমতি দেননি। আদেশের পর একটি প্রিজন ভ্যানে করে আইনজীবী লিংকনকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। ওই মামলায় গ্রেফতার করা হয় আইনজীবী সাদিকুর রাহমান লিংকনকে।

আরও পড়ুন: আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি আটক

মামলায় অন্য আসামিরা হলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা পিপি আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর আদালতের পিপি নাজিমুদ্দিন পান্না, অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট বশির উদ্দিন সবুজ প্রমুখ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা বলেন, আদালতে ভাঙচুর ও বিচারককে হুমকির মতো একটি ঘটনায় বরিশালের কোতয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেন আদালত। আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ছেড়ে যান। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তারপরই দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের ঘটনা ঘটে। এসময় সেখানে পুলিশ, ডিবি, র‌্যাব ছাড়া ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

শাওন খান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।