এইচএসসির ফলাফল
বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা, সর্বনিম্ন পটুয়াখালী
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৮৬ শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে শীর্ষে ভোলা জেলা ও সর্বনিম্ন পটুয়াখালী জেলা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফলের এ পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
আরও পড়ুন: পাসের হার কমলেও খুশি যশোর বোর্ড
তিনি বলেন, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। বোর্ডে শীর্ষে থাকা ভোলা জেলার পাশের হার ৯২ দশমিক ০২ ও পিছিয়ে থাকা পটুয়াখালী জেলার পাশের হার সর্বনিম্ন ৭৩ দশমিক ৭৫।
ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট তিন হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে তিন হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।
জেএস/জেআইএম