বিয়ে করতে বলায় পালিয়েছে প্রেমিক, তরুণীর বিষপান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১২ মার্চ ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ে না করে পালিয়ে যাওয়ায় প্রেমিক আবুল কালামের বাড়ির সামনে বিবি মরিয়ম (১৯) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওমান প্রবাসী আবুল কালাম ওরফে খানসাহেব (২৫) ওই এলাকার মো. খোকনের ছেলে।

জানা গেছে, বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে বিবি মরিয়মের সঙ্গে আবুল কালামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ মার্চ (বৃহস্পতিবার) আবুল কালাম দেশে আসেন। পরে শনিবার (১১ মার্চ) হাতিয়া উপজেলা সদরে বিবি মরিয়মের সঙ্গে দেখা করেন। এসময় বিয়ের কথা বলায় কিছু না বলে আবুল কালাম বাড়ি চলে যান।

তরুণীর বড়বোন মর্জিনা বেগম জানান, বিকালে মরিয়মকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাই। এসময় আবুল কালাম আমাদের দেখে পালিয়ে যান এবং তার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে এ সম্পর্ক মেনে নেবেন না বলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের পরিবারের সদস্যরা আমাদের দুই বোনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার বোন সঙ্গে থাকা ইঁদুর মারার ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খালেদ সাইফুল্লা জানান, তরুণীর পেটে বিষপানের আলামত পাওয়া গেছে। তার শরীরের আঘাতের চিহ্নও রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. খালেদুল হাই শাহীন জানান, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তরুণীর বড়বোন মর্জিনা বেগম বাদি হয়ে ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় প্রেমিক আবুল কালামের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু /এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।