বরিশালে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১১ এপ্রিল ২০২৩

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে হেলাল হাওলাদার নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চাকলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাটামারা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু বলেন, চাকলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আকন ও হাজি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে হাজি গ্রুপের লোকজন আকন গ্ৰুপের দুই সহোদর হেলাল হাওলাদার ও কামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।

চেয়ারম্যান আরও বলেন, নিহত হেলাল হাওলাদারের মরদেহ স্থানীয় চৌকিদার আবু বক্করের জিম্মায় রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাবে।

সোমবার মধ্যরাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, একজন নিহত হওয়ার খবর পেয়েই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বাটামারা এলাকাটি দুর্গম হওয়ায় রাত সোয়া ১২টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।