কুষ্টিয়ায় ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৯ জুন ২০২৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রবিউল ইসলাম রবি (৪৮) নামে এক কৃষককে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা রবিউলের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে রবিউলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাই ইসমাইল হোসেন বলেন, রাতে ভাই ও ভাবি একসঙ্গে ঘুমিয়েছিলেন। সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকালে তার মৃত্যু হয়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, রাতের কোনো এক সময় রবিউলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আল-মামুন সাগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।