জয়ন্তী নদীতে জেলের জালে উঠে এলো কুমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৭ জুলাই ২০২৩

বরিশালের মুলাদী উপজেলায় নদীতে মাছ ধরার সময় জাবুল হোসেন তালুকদার নামে এক জেলের জালে একটি কুমির উঠে এসেছে।

সোমবার (১৭ জুলাই) সকালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে। এ নিয়ে অন্য জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলে জাবুল হোসেন বলেন, প্রতিদিনের মতো সকালেও জয়ন্তী নদীতে আইড় ও পাঙাশের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় অনেক ভারী ভারী লাগছিল। এরপর জাল কাছে আসার পর দেখতে পাই কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেয়েছি এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে আমাদের রুবেল মেম্বারকে খবর দেই।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল বলেন, জেলেদের কাছ থেকে কুমিরের বিষয়ে জানতে পেরে থানা ও ইউএনওকে জানিয়েছি। তারা কুমিরের দেখভালের জন্য আমাকে ও জেলেদের বলেছেন। আমরা কুমিরটির দেখাশোনা করছি। কুমিরটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব বলেন, সকালে নাজিরপুর ইউনিয়নের ইউপি সদস্য রুবেল মোবাইল ফোনে কুমিরের বিষয়টি জানান। ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ জাগো নিউজকে বলেন, কুমিরের বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তাদের ছবি পাঠিয়েছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন কুমিরটিকে সংরক্ষণের জন্য।

শাওন খান/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।