লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুর ঘটনায় আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

লালমনিরহাটে হরতাল চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমের (৪৫) মৃত্যুর ঘটনায় সন্দেহজনক পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লালমনিরহাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

এদিকে দুপুর ২টায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার জানাজা হয়। পরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বেড়পাংগা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও তিন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। নেতাকর্মীরা জাহাঙ্গীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান।

সমাবেশ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতারা দায়ীদের অবিলম্বে গ্রেফতারে আলটিমেটাম বেঁধে দেন। সমাবেশের পরই বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল শেষে জেলা শহরের মিশন মোড়ে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও সাইনবোর্ড ভাঙচুর চালান নেতাকর্মীরা। এরপরও কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। লালমনিরহাট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: খবর পেয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, সংঘর্ষে জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

রবিউল হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।