নারী এশিয়া কাপ ফুটবলে আজ অভিষেক বাংলাদেশের, প্রতিপক্ষ চীন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৩ মার্চ ২০২৬

নারী এশিয়া কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জনের পর থেকে এই দিনটির জন্যই অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। পুরুষ ফুটবলে ৪৬ বছর আগে যা করে দেখিয়েছিল কাজী সালাউদ্দিনরা, এবার সেটা দেখিয়েছে নারী ফুটবলাররা। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারা বাংলাদেশের জন্য বিশাল এক গর্বের বিষয়। সে সঙ্গে বাংলাদেশের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও।

আজ সেই মাহেন্দ্রক্ষণ। নারী এশিয়া কাপ ফুটবলে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল চীন। বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনির ওয়েস্ট স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচটি।

চীনের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচ দিয়েই এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ১৯৮০ সালের পর এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৪৬ বছর আগে কাজী সালাউদ্দিন-আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের পা পড়েছিল এশিয়ার মঞ্চে, এবার পড়ছে আফঈদা-ঋতুপর্ণাদের।

BD women

এশিয়ার সেরা ১২ দেশের লড়াই। সেখানে বাংলাদেশ একদম নতুন। অন্য ১১ দলের এই মঞ্চে খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের মেয়েদের হবে নতুন অভিজ্ঞতা। আন্ডারডগ বাংলাদেশের সামনে প্রথম ম্যাচেই চীন। যে দলটি সর্বাধিক ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে মেয়েদের এশিয়ান কাপে।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ (১১২) ও চীনের (১৭) পার্থক্য ৯৫ ধাপ। এ পরিসংখ্যানই বলে দিচ্ছে মাঠের লড়াই কতটা একপেশে হতে পারে। বাংলাদেশের অভিজ্ঞতার এই মঞ্চ থেকেও কিছু প্রাপ্তির প্রত্যাশা আছে। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হারটা অনুমিত। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে যদি একটু লড়াই করা যায়। ওই দলটিও শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৬৩ ধাপ।

সম্প্রতি এক আলাপে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ‘চীন, উত্তর কোরিয়ার বিপক্ষে অবশ্যই প্রত্যাশা থাকবে জয়। তবে, তাদের সঙ্গে ন্যুনতম ড্র করতে পারাটাও হবে অনেক বড় প্রাপ্তি। আমাদের দল যেভাবে প্রস্তুতি নিয়েছে, তাতে আশা করি তারা পারবে।’

এশিয়া কাপে একটি ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে খেলার সম্ভাবনায় টিকে থাকবে। টিকে থাকবে অলিম্পিক বাছাইয়ে খেলার সম্ভাবনায়ও। তাই বাংলাদেশ শেষ ম্যাচটিকে পাখির চোখ করে গেছে অস্ট্রেলিয়ায়।

afida

এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট মাঠে গড়ায় ১ মার্চ। ‘এ’ গ্রুপের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে এবং দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে ইরানকে।

মঙ্গলবার ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ হবে। বাংলাদেশ ও চীন এবং উত্তর কোরিয়া ও উজবেকিস্তান মুখোমুখি হবে টুর্নামেন্টের তৃতীয় দিনে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।