যশোরে ভোটকেন্দ্রে বোমাবর্ষণ, নিহত ১


প্রকাশিত: ০৬:১৭ এএম, ৩১ মার্চ ২০১৬

যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমাবাজি ও গুলিবর্ষণে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নিহত পাপড়ভাজা বিক্রেতার নাম আব্দুস সাত্তার বিষে (৬০)। তিনি সদরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৭/৮ জন বহিরাগত সন্ত্রাসী ভোটকেন্দ্রের সামনে বোমা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এই বোমাবাজি ও গুলিবর্ষণের মাঝে পড়ে নিহত হন ভাজা বিক্রেতা মজিবুর। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কজেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরও আহত হন স্থানীয় বাসিন্দা বকুল মিক্রিসহ ২ জন।   

কেন্দ্রের দায়িত্ব থাকা ডিবির ওসি আলী আহমেদ হাশমী জানান, সন্ত্রাসীরা বোমা হামলা চালালে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় এক ভাজা বিক্রেতা আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সেলিম জানান, বোমাবাজি গুলিবর্ষণের পর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।