তনু হত্যা মামলা : সিআইডির আবারো ঘটনাস্থল পরিদর্শন


প্রকাশিত: ০৯:১১ এএম, ০২ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যা মামলা তদন্তে ঢাকা ও কুমিল্লা সিআইডির একটি দল শনিবার আবারো কুমিল্লা সেনানিবাসে যেখানে তনুর মরদেহ পাওয়া গেছে সেই স্থানটি পরিদর্শন করেছে।

১২টা ১০ মিনিটে সিআইডির টিমটি সেনানিবাসের গেইট দিয়ে ভেতরে প্রবেশ করে। দুপুর পৌনে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলো। এর আগে শুক্রবারও দিনভর কুমিল্লা সিআইডির একটি দল সেনানিবাসের ওই স্থানসহ আশপাশের এলাকায় গিয়ে কিছু আলামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করে।
 
জানা যায়, ৩০ মার্চ ঢাকার সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়। ওই মামলার তদারকী করতে সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দের নেতৃত্বে দলটি শনিবার সেনানিবাস এলাকায় তনুর মরদেহ উদ্ধারের স্থানসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে। এসময় দলটি তনুর মা-বাবাসহ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে।

এ সময় ঢাকা থেকে আগত সিআইডির দুজন সিনিয়র পুলিশ সুপার, কুমিল্লা সিআইডির সিনিয়র পুলিশ সুপার, ড. নাজমুল করিম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, ইন্সপেক্টর শাহনেওয়াজ, মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী ইব্রাহীমসহ সিআইডির আরো কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ওই টিমে থাকা সিনিয়র পুলিশ সুপার ড. নাজমুল করিম খান।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গল থেকে কলেজ ছাত্রী তনুর মরদেহ পাওয়া যায়। পর দিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার রহস্য উদঘাটনে ও ডিএনএ আলামত সংগ্রহ করতে গত ৩০ মার্চ আদালতের নির্দেশে তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়।

পুলিশ ও ডিবির পর বর্তমানে কুমিল্লা সিআইডি মামলাটি তদন্ত করছে। ঘটনার ১৩ দিনেও দেশব্যাপী বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এ হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।