নিখোঁজের ৩ বছর পর নয়নের সন্ধান মিললো ভারতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়ি থেকে হারিয়ে যাওয়ার তিন বছর পর ভারত থেকে সুস্থ হয়ে ফিরলেন মানসিক ভারসাম্যহীন নয়ন মিয়া (৩৩)।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন বাংলাদেশি এ যুবক। এসময় তার বাবা রহিদুল হক তার সঙ্গে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন নয়ন মিয়া। এরপর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর তার বাবা রহিদুল হক তার ছেলের খোঁজ পান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মানসিক হাসপাতালে। আমলাতান্ত্রিক জটিলতার পর শুক্রবার দুপুরে ভারত কর্তৃপক্ষ তাকে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে।

হারানো ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত রহিদুল হক বলেন, ‘আমাদের ছেলে নয়ন মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যে সে বাড়ি থেকে চলে যেতো। দু-একদিন পর আবার ফিরে আসতো। শেষবার প্রায় ৩-৪ বছর আগে বাড়ি থেকে চলে যায় কিন্তু আর ফেরেনি। এরপর বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয় তার ছবি। পরে জানতে পারি সে ভারতে অবস্থান করছে। অবশেষে পাসপোর্ট ও ভিসা করে ভারতের পুলিশের সহযোগিতায় নয়নকে ফিরে পেয়েছি। আমার ছেলে বর্তমানে সুস্থ।’

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মুর কবির নয়ন মিয়াকে হস্তান্তরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।