ফটিকছড়িতে আ.লীগের ৪ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চার ইউনিয়নে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমাদানকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল এবং কোন কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। আগামী ২৩ এপ্রিল এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নে মো. আবদুল কাইয়ুম, ১৯নং সমিতিরহাট ইউনিয়নে মো. হারুন রশীদ কালু, ১নং বাগান বাজার ইউনিয়নে মো. রুস্তম আলী  ও ১৩ নং লেলাং ইউনিয়নে মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগান বাজার ইউনিয়নে বিএনপি প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়ন বাতিল হলে তিনি আর আপিল করেননি। আর স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল আলম বুধবার মনোনয়ন প্রত্যাহার করেন।

লেলাং ইউনিয়নে বিএনপি প্রার্থী হোসেন আহমদ নিয়াজীর মনোনয়নপত্র বাতিল হলে তিনি আর আপিল করেননি। আর স্বতন্ত্র প্রার্থী মো. ইফতেখার উদ্দিন বুধবার তার মনোনয়ন প্রত্যাহার করেন।

ধর্মপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী এস এম ইউছুপ তার মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল কাইয়ুম।

সমিতিরহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী, ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. নাসির সিকদার, জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম চৌধুরী লিটন তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. হারুন রশীদ কালু।

জীবন মুছা/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।