অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা তাহমিনা শবনম মামলাটি দায়ের করেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী অফলাইনে ও অনলাইনে অবন্তিকাকে যৌন হয়রানি করে আসছিল। এ বিষয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করলে তিনি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপমান করে আসছিলেন।
ওসি ফিরোজ হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় দুজনকে আসামি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আরও পড়ুন
একপাক্ষিক দোষী না ভেবে পুরো বিষয় জানার আহ্বান অভিযুক্ত সহপাঠীর
অভিযুক্তদের গ্রেফতারে ১২ ঘণ্টার আলটিমেটাম
শিক্ষক-সহপাঠীকে অভিযোগ করে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
এদিকে, অবন্তিকার সহপাঠীদের আন্দোলন ও আলটিমেটামের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে শনিবার রাতে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যা: শিক্ষক দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান আটক
শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা।
ফেসবুকে দেওয়া ওই পোস্টের পর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও পিসি পার্ক স্মরণিকা ভবনে দ্বিতীয়তলায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের আবাসিক সার্জন ডা. আব্দুল করিম খন্দকার তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদ পাটোয়ারী/এমআরএম