কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: গরমে লাইন বেঁকে যাওয়ার সত্যতা মেলেনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২২ এএম, ১৮ মার্চ ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে গরমে রেললাইন বাঁকা হওয়ার সত্যতা পাননি রেলওয়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা। তাদের ধারণা, ২০৮ নম্বর রেলওয়ে সেতুর নড়বড়ে কাঠের স্লিপার ও নাট-বল্টুতে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেললাইন বেঁকে যাওয়ার কারণে বগি লাইনচ্যুত হওয়ার যে কথা বলা হচ্ছে, সরেজমিনে তার প্রমাণ পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে এর কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি প্রতিবেদনে সঠিক কারণ জানা যাবে।

এর আগে চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও হাসানপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মংগু মারমা সাংবাদিকদের জানান, গরমের কারণে রেললাইন বেঁকে গিয়ে হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাননি রেলওয়ে কর্মকর্তা ও প্রকৌশলীরা।

রোববার (১৭ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস। দুপুর পৌনে ২টায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরের তেজের বাজার এলাকায় পৌঁছালে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন। এতে গতি কমে আসা ইঞ্জিনকে পেছন থেকে আবার ধাক্কা দেয় বগিগুলো। এতে একে একে ন৯টি বগি যাত্রী নিয়ে পড়ে যায় রেললাইনের পাশে। এ ঘটনায় অন্তত ১০ আহত হন। তাদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক করতে চট্টগ্রাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় উদ্ধারকাজ শুরু করে। এতে অংশ নেয় প্রায় অর্ধশতাধিক রেলওয়ে কর্মী। রেলের মালামাল নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনার ১১ ঘণ্টা পার হলেও একটিও বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে জেলার বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী ৬টি ট্রেনসহ মোট ৮টি ট্রেন।

জাহিদ পাটোয়ারী/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।