বেগুনের কেজি ২ টাকা, ক্ষোভে সব গাছ কেটে ফেললেন কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২০ মার্চ ২০২৪

কিশোরগঞ্জে হঠাৎ করে বেগুনের বাজারে ধস নেমেছে। পাইকারিতে মানভেদে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ২-৫ টাকা দরে। এ কারণে ক্ষোভে পুরো ক্ষেতের বেগুন গাছ কেটে ফেলেছেন এক কৃষক।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেগুন গাছ কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বেগুনের কেজি ২ টাকা, ক্ষোভে সব গাছ কেটে ফেললেন কৃষক

ভুক্তভোগী কৃষকের নাম জুনায়েদ। তিনি হাত্রাপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

ভিডিওতে কৃষক জুনায়েদকে বলতে দেখা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে তিনি স্থানীয় বাজারে বেগুন নিয়ে গিয়েছিলেন। সেখানে ২-৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি করতে হয়েছে। কিছু বেগুন বিক্রি করতে না পারায় মানুষকে দিয়ে দিয়েছেন। সেই ক্ষোভে বুধবার সকালে ঘুম থেকে উঠে ক্ষেতের সব বেগুন গাছ কেটে দিচ্ছেন।

বেগুনের কেজি ২ টাকা, ক্ষোভে সব গাছ কেটে ফেললেন কৃষক

কৃষক জুনায়েদ বলেন, ২৫ শতাংশ জমিতে বেগুন চাষ করেছি। বর্তমানে গাছে ১০০ মণ বেগুন রয়েছে। প্রতিবছর রমজান মাসে বেগুনের অধিক মূল্য থাকায় এবার সেই আশায় বেগুনের চাষ করেছিলাম। চাষে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। বেগুনের বর্তমান বাজারমূল্য কম থাকায় খরচের টাকাই উঠবে না। তাই বেগুনের সব গাছ কেটে দিয়েছি।

কাদিরজঙ্গল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবুল খায়ের সুমন বলেন, কয়েকদিন আগেও বাজারে বেগুনের ভালো দাম ছিল। হঠাৎ করে বাজারে ধস নেমেছে। সেই ক্ষোভ থেকেই সব গাছ কেটে দিয়েছেন জুনায়েদ।

এসকে রাসেল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।