শার্শায় ৪৬৪ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৭ এপ্রিল ২০১৬

যশোরের শার্শা উপজেলার ৫৬টি স্কুলের ৪৬৪জন দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

রোববার শার্শা উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর শিক্ষার্থীদের হাতে এ নতুন পোশাক তুলে দেন।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের এ নতুন পোশাক দেয়া হয়।

ড্রেস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ।
 
জেলা প্রশাসকের কাছ থেকে নতুন পোশাক পেয়ে বেজায় খুশি বসতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ।

সে জানায়, এক বছর আগে আমার স্কুল ড্রেস ছিড়ে গেছে। আব্বা রাজমিস্ত্রির কাজ করে। নতুন ড্রেস পেয়ে আমার খুব ভালো লাগছে। প্রতিদিন নতুন ড্রেস পরে স্কুলে যাবো।

মাটিপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার তন্বী জানায়, নতুন ড্রেস পেয়ে সে খুব খুশি।

বসতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, অর্থের অভাবে গরীব পরিবারের শিক্ষার্থীরা স্কুল ড্রেস পড়ে আসতে পারেনা। জেলা প্রশাসকের আন্তরিকতায় দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা নতুন স্কুল ড্রেস পেয়েছে। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। স্কুলে উপস্থিতিও বাড়বে।
 
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, স্কুলে স্কুলে মিড ডে মিল ও ড্রেস বিতরণ করা হচ্ছে। আমি হৃদয়ের তাড়না থেকেই শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষা উপকরণ ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করেছি। তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় শিক্ষায় পরিবর্তন ঘটবে।

তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কারো পড়ালেখা যেন বন্ধ না হয়। এ জন্য সকল শ্রেণি পেশার মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

মিলন রহমান/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।