শোরুম উদ্বোধনে কুমিল্লায় সাকিব, দেখতে গিয়ে ঝলসে গেলো স্কুলছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৭ মে ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নীরব উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলার ধোড়করা বাজারে একটি শো-রুম উদ্বোধন করেন সাকিব আল হাসান। তার আসার খবর শুনে উৎসুক মানুষ ভিড় করেন। প্রিয় ক্রিকেটারকে দেখতে স্কুলছাত্র নীরব মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় উঠলে সে বিদ্যুতের তারে জড়িয়ে শরীরে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা রবিউল হক বলেন, আশঙ্কাজনক অবস্থায় নীরবকে হাসপাতালে আনা হয়। তার বুকের অংশের ডান পাশের প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জাগো নিউজকে বলেন, সাকিব আল হাসান আসার আগে উৎসুক জনতার সঙ্গে নীরব নামে ওই স্কুলছাত্র একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যায়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।