ছেলেকে না পেয়ে বাবাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১২ মে ২০২৪
প্রতীকী ছবি

কুমিল্লায় ছেলেকে না পেয়ে বাবাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। রোববার (১২ মে) ভোররাতে কুমিল্লা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ গোমতী পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. জুয়েল (৪০) কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

নিহতের বোন জেনি আক্তার সাংবাদিকদের বলেন, আমার ভাইয়ের দুই ছেলে। বড় ছেলে প্রান্তর সঙ্গে একমাস আগে স্থানীয় কয়েকজন ছেলের ঝগড়া হয়। এ ঘটনায় বাবলু নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এর জের ধরে রাত ৩টার দিকে স্থানীয় এক কিশোর আমার ভাইয়ের ছেলেকে খুঁজতে আসে। তাকে না পেয়ে আমার ভাইকে ডেকে নিয়ে যায়। সকালে গোমতীর পাড়ে পরিত্যক্ত একটি ঘরে ভাইয়ের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার শরীরে, গলায়, পেটে এবং পিঠে ধারালো অস্ত্রের দাগ ছিল।

তিনি আরও বলেন, গোমতীর পাড়ে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা কিছুদিন পরপরই হয়। কারও কাছে আমরা এর বিচার পাই না। আমার ভাই হত্যার বিচার চাই।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।