সাবেক এমপি বাহারের নামে সময় টিভির সাংবাদিকের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২০ আগস্ট ২০২৪

কুমিল্লায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ ১৫৩ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালত মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সময় টিভির সাংবাদিক বাহার রায়হান বাদী হয়ে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন করেন।

বাদীপক্ষের আইনজীবী কাইউমুল হক রিংকু জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

বিষয়টি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিকে) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ নিয়ে আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে হত্যা, সন্ত্রীস হামলা এবং সাংবাদিক নির্যাতনে মোট তিনটি মামলা হয়েছে।

মামলায় অন্য আসামিরা হলেন- কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ও বাহারের সাবেক দেহরক্ষী মো. দুলাল। বাকি ১৫০ জন আজ্ঞাত নামা আসামি।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি ছিল। সেদিন হরতাল অবরোধের খবর সংগ্রহ করতে নগরীর কান্দির পাড় যান সময় টিভির সাংবাদিক বাহার রায়হান। এসময় হরতাল প্রতিরোধের নামে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। হামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতকর্মীকে বেধড়ক পিটিয়ে জখম করেন তারা। এসময় ভিডিও ফুটেজ ধারণ করায় বাহাউদ্দীন বাহারের নির্দেশে অভিযুক্তরা সাংবাদিক বাহার রায়হানকে পিটিয়ে আহত এবং সঙ্গে থাকা সময় টিভির ক্যামেরা এবং স্ট্যান্ড ছিনিয়ে নেয়।

ঘটনার পর সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার সাংবাদিক বাহার রায়হানকে কোনো আইনি ব্যবস্থা বা সংবাদ সম্মেলন করলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।