সোনাদিয়া চরে নিউজিল্যান্ডের পর্যটকদের বোটে দুষ্কৃতকারীদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
উদ্ধারের পর নিউজিল্যান্ডের পর্যটক জন এডওয়ার্ড পাডনি ও তার পরিবারের সদস্যরা

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে নিউজিল্যান্ডের পর্যটক অবস্থান করা একটি বোটে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেয়েছেন পর্যটকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো তথ্যে জানানো হয়, বুধবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। চলতি বছরের ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়।

পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি তাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় বুধবার রাতে একদল দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং পর্যটকদের জীবিত উদ্ধার করে। পরে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া বেশিরভাগ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।