৭ খুন মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৯ মে


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০২ মে ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্যগ্রহণে নিহত মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা আক্তার আদালতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৯ মে সাত খুনের দুটি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।

সোমবার সকাল সাড়ে ৯টা হতে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এদিকে সাত খুন মামলার প্রধান আসামি ও একসময়ের সন্ত্রাসীর গডফাদার নুর হোসেনসহ তারেক সাঈদ, আরিফ ও রানাসহ আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে আদালতে হাজির করা হয়।

সোমবার সাত খুনের মামলায় সাক্ষ্য প্রদানকারীরা হলেন, সাত খুনের ঘটনার পর রাজধানীর গুলশান নিকেতন থেকে নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়ি উদ্ধারকারী উপ পরিদর্শক (এস আই) ওয়াহিদুজ্জামান, গাজীপুর থেকে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের প্রাইভেটকার উদ্ধারকারী পুলিশের উপ পরিদর্শক (এস আই) রিয়াজুল হক, কনস্টেবল বদরুল আলম, ওই এলাকার মোক্তার হোসেন ও আনোয়ার হোসেন, গুলশান থানার কনস্টেবল সেলিম রেজা ও সাত খুনের ঘটনায় নিহত মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা আক্তার।

আদালতে সাক্ষ্য শুনানীর সময় মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা আক্তার সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত নূর হোসেনসহ আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার সাত জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৯ মে অন্যদের সাক্ষ্য নেওয়া হবে।

সাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।