ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এক নারী নিহতের জের ধরে তার স্বজন ও স্থানীয়রা প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাওনা হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়।
নিহতের নাম মলিনা খাতুন (৫০)। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ওই নারী এমসি বাজারে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী পিকাপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তার স্বজন ও স্থানীয় লোকজন বেলা পৌনে ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে। বেলা সাড়ে ১১টার দিকে মাওনা হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস