হরতালের নয় গরমের প্রভাব পড়েছে কক্সবাজারে


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১২ মে ২০১৬

জামায়াতের ডাকা হরতালে যান চলাচল স্বাভাবিক রয়েছে কক্সবাজারে। খোলা রয়েছে ব্যাংক, বীমাসহ সরকারি ও বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও। তবে প্রচণ্ড গরমে অতীষ্ঠ হয়ে পড়েছে ঘর থেকে বেল হওয়া মানুষগুলো।
 
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি। হরতাল উপলক্ষে শহরজুড়ে বিশেষ নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তবে সকাল থেকে জেলা শহরের প্রতিটি সড়কে যান চলাচল অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে। এমনকি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছোট ও এলাকা ভিত্তিক ননস্টপ সার্ভিসসহ দূর পাল্ল­ার বাহনগুলোও চালু রয়েছে।
 
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশ-র্যা ব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চলছে। তবে সন্দেহজনক মোটরসাইকেল ও অন্য যান চেক করা হচ্ছে।
 
কক্সবাজার সদর উপজলার ঈদগাঁও ইউপির নির্বাচনী মনোনয়ন বাছাই উপলক্ষে মহাসড়ক হয়ে উপজেলা সদরে আসা জাহাঙ্গীর বাঙ্গালী, জিয়াউর রহমানসহ অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা বলেন, আজ যে কোনো দল হরতাল ডেকেছে এমন কোনো পরিস্থিতি চোখে পড়েনি। তবে হরতাল নয় বাড়ির বাইরে আসা লোকজনকে ভোগাচ্ছে তীব্র গরম।

তাদের কথার সত্যতা মিলেছে পুরো জেলা জুড়ে। শহরের প্রধান কিংবা উপসড়ক কোথাও জামায়াতের নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে ব্যানার নিয়ে কয়েকজন নেতাকর্মী একটি মিছিল করে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, হরতালে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন বিভা গমাঠে রয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।