কুমিল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০২:৩৭ এএম, ১৩ মে ২০১৬

কুমিল্লায় রকিবুল ইসলাম মুকুল নামের (৫০) এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় একই গ্রামের আরিফের নেতৃত্বে ৭/৮ জন তার পথরোধ করে। এক পর্যায়ে আরিফ মুকুলের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আহত হয় সাইফুল ও ইফরান নামের আরো দুইজন। আহতদের আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comilla-murder

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি মডেল থানার এসআই মজনু জানান, গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরও দুইজন আহত হয়েছে। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মনি জানান, সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।