কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৩ মে ২০১৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে সরাষপুর ইউনিয়নের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আহসান উল্লাহর ছেলে।

রাতে এ ঘটনায় থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম কিছু দিন আগে এলাকায় একটি রাস্তা নির্মাণ করেন। কিন্তু এলাকার লোকজন ওই রাস্তা দিয়ে ভারী যানবাহনের মাধ্যমে ইট, বালু ও সিমেন্ট পরিবহন করায় রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি যানবাহন চলাচলে বাধা দেন। আর এ নিয়ে গত দুই দিন যাবৎ এলাকার লোকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

শুক্রবার দুপুরের দিকে স্থানীয় লোকজনের সঙ্গে তার রাস্তায় যানবাহন চলাচল নিয়ে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় ১০/১২ জনের একটি দল তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রাতে মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে।  
 
কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।