শিশু হত্যার দায়ে চাচির ফাঁসি
কুমিল্লার মুরাদনগরে নীলা আক্তার নামে আড়াই বছরের এক শিশুকে হত্যার দায়ে চাচি শিউলি আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শিউলী আক্তার মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৯ জুলাই নিজ ঘরে শিশুটিকে গলাটিপে হত্যার পর মরদেহ মাটির নিচে পুঁতে রাখে শিউলী আক্তার। নিহতের মা নুরজাহান বেগমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে দেখিয়ে নেয়ার হুমকি দিয়েছিল শিউলি আক্তার।
পরে পরিবারের লোকজন শিউলি আক্তারকে চাপ দিলে শিশুটির মরদেহ তার ঘরের খাটের নিচে মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করে। এ ঘটনায় শিউলি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের বাবা সুরুজ মিয়া। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শিউলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, মো.মহিউদ্দিন আহমেদ আলম ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো.আবু ইউসুফ চৌধুরী।
কামাল উদ্দিন/এআরএ/পিআর