রাবি শিক্ষক হত্যা : ৩ জেএমবির ৫ দিনের রিমান্ড


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৭ মে ২০১৬
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হওয়া ৩ জন জেএমবি সদস্যকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর তাদের রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ মকসেদা আজগরের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার হওয়া ৩ জন জেএমবি সদস্য হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমত উল্লাহ ওরফে শাহীন, আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী।

এর আগে এ ঘটনায় সোমবার গ্রেফতার হওয়া জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ ওরফে মাসুদ তার জবানবন্দীতে জানান, কিলিং মিশনে ঘটনাস্থলে গিয়েছিল চারজন। এর মধ্যে তিনজন সরাসরি হত্যায় অংশ নেয়। আরেকজন মোটরসাইকেলে নিয়ে দাঁড়িয়ে ছিল।

ড. রেজাউল করিমকে হত্যার পর দু’জন মোটরসাইকেলে ও অপর দু’জন অন্যভাবে পালিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে জানান রাজশাহী পুলিশ কমিশনার মো.শামসুজ্জামান।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন খড়খড়ি এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়।

এ ঘটনায় জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিবের দেয়া তথ্যানুযায়ী পুলিশ পরিকল্পনায় সহায়তা ও আশ্রয় দানকারী তিন জেএমবি সদস্যকে আটক করে ও পরে আদালত এই ৩ জন জেএমবি সদস্যকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শাহরিয়ার অনতু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।