আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা তথ্য ব্যবহার বাধ্যতামূলক করলো এনবিআর 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৫ মার্চ ২০২৬
রাজস্ব ভবনের ফাইল ছবি

কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে ও নির্ভুল করতে আমদানি-সংক্রান্ত তথ্য যাচাইয়ে অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভারের তথ্য ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৪ মার্চ এনবিআরের আয়কর অনুবিভাগের অধীন সব কর অঞ্চলের জন্য এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আদেশে বলা হয়েছে, করদাতারা যে পণ্য আমদানি করেছেন তার ঘোষিত মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমের বিআই সার্ভার থেকে সংগ্রহ করে তার ভিত্তিতে আয়কর নির্ধারণ করতে হবে। এ উদ্দেশ্যে আয়কর কর্মকর্তাদের জন্য বিআই সার্ভার ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

যেসব ক্ষেত্রে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক
এনবিআর অডিটের জন্য কর মামলা নির্বাচন করলে অথবা আয়কর আইন অনুযায়ী পরিদর্শী যুগ্ম/অতিরিক্ত কর কমিশনার কোনো মামলা পুনঃউন্মোচনের অনুমোদন দিলে, কিংবা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের আদেশ জারি হলে- সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট করদাতা আমদানিকারক হলে তার আমদানি করা পণ্যের পরিমাণ, মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য বিআই সার্ভার থেকে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন
মুদ্রানীতি কমিটি থেকে সাদিক আহমেদের পদত্যাগ 
আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ 

পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা এসব তথ্য সংগ্রহ করে কর নির্ধারণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে লিখিত অবহিত করবেন।

এনবিআর জানায়, কর কমিশনার ও পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা পূর্বনির্ধারিত (আইপি বাউন্ডেড) কম্পিউটার থেকে বিআই সার্ভারে লগ-ইন করতে পারবেন। সার্ভার থেকে সংগৃহীত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে নিয়মিতভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রাথমিকভাবে কর নির্ধারণী কর্মকর্তাদের সরাসরি সার্ভার অ্যাকসেস না দিয়ে পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।  

যেসব সুবিধা মিলবে
এনবিআর বলছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আয়কর মামলা নিষ্পত্তির সময় আমদানি করা পণ্যের পরিমাণ, মূল্য ও অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সহজেই যাচাই করা যাবে। এছাড়া স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় অগ্রিম আয়কর ক্রেডিট প্রদান নিশ্চিত হবে। কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে, আয়কর মামলা নিষ্পত্তি দ্রুততর হবে এবং জবাবদিহি বাড়বে। পাশাপাশি আয়কর ফেরত প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও দ্রুত হবে।

এসএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।