তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬
পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল নিচ্ছেন চালকরা

দেশের জ্বালানি খাতে চলমান অস্থিরতার প্রভাব আজও পড়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। তেল সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকদের। বিশেষ করে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে বিভিন্ন পাম্পে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ পেট্রোল পাম্পে তেল নিতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অপেক্ষমাণ যানবাহনের বড় অংশই মোটরসাইকেল। অনেক বাইকারকে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে পাম্প থেকে তেল সংগ্রহ করতে দেখা গেছে।

কিছু পাম্পে ভিড় সামাল দিতে অতিরিক্ত কর্মী রাখা হলেও তেমন স্বস্তি মিলছে না। দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই বলছেন, তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন। ফলে পাম্পগুলোতে ভিড় আরও বেড়ে যাচ্ছে।

বাইকারদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাইড শেয়ার ও ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত চালকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

রাজধানীর মহাখালী এলাকায় কথা হয় মোটরসাইকেল চালক রাহাতের সঙ্গে। তিনি বলেন, সকালে সিরিয়াল বেশি দেখে তেল নেইনি। বিকেলে এসে দেখি একই অবস্থা। এক ঘণ্টার মতো অপেক্ষা করে তেল নিতে পারলাম।

পরীবাগ পেট্রোল পাম্পে তেল নিতে আসা জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় সিরিয়ালে থেকে মাত্রই তেল নিলাম। বাইকের তেল শেষ। না নিলে আর চালাতে পারমু না। তাই নিলাম।

তবে এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নির্দেশনা ছিল মোটরসাইকেলে ২ লিটারের বেশি তেল নেওয়া যাবে না। তবে আজ সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু মাত্র মহানগরীর রাইড শেয়ার চালকদের ক্ষেত্রে ৫ লিটার পর্যন্ত তেল নেওয়ার নিয়ম জারি করা হয়েছে। এতে রাইড শোয়ার চালকদের কিছুটা স্বস্তি মিলেছে।

jagonews24

রাইড শেয়ার চালক মুনিম আহমেদ বলেন, গতকাল ২০০ টাকা করে ২ বার তেল নিয়েছিলাম। এতে ৩ ঘণ্টার বেশি সময় গেছে। আজ বিকেলে ৫ লিটার নিলাম। কাল সারাদিন চালাতে পারবো। আপাতত আর ঝামেলা মনে হচ্ছে না।

এদিকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি খনি সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও কোম্পানিসমূহের সমন্বয় কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এই সেল গঠন করা হয়।

এনএস/কেআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।