যারা কর দেয়, তাদের ওপরই করের চাপ বেশি আসে: মাহবুবুর রহমান
যারা কর পরিশোধ করেন তাদের ওপরই করের চাপ বেশি দেওয়া হয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।
তিনি বলেন, যারা ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্স বেশি আসে, যারা ট্যাক্স কম দেয় তাদের না দিলেও তো চলবে, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করা সরকারের জন্য একটা দুরূহ ব্যাপার।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল-২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে এ সভা আয়োজন করে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রেসিডেন্ট কাওসার আলম, আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহীর প্রমুখ।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, দেশের কর-জিডিপি নিয়ে সবসময়ই আলোচনা হলেও তা এড্রেস হয় না। আমরা ইতোপূর্বে আলাপ করেছিলাম ট্যাক্স-জিডিপি রেশিও নিয়ে। এ কথাটা প্রতি বাজেটের সময়, প্রতি সেমিনারের সময় একদিন না, ‘ডজনস অব টাইম’ বলে আসছি। আনফরচুনেটলি উই কুড নট অ্যাড্রেস দ্যাট।
বাজেট প্রণয়নে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এজন্য আমি মনে করি যে এ সম্বন্ধে আমাদের খুবই সতর্কভাবে আগামী দিনের বাজেট তৈরি করতে হবে, যেন আমরা উভয় দিকটা কোনোমতে রক্ষা করতে পারি।
মাহবুবুর রহমান বলেন, বিশেষ করে সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে আমদানি ব্যয় বাড়ছে, যা আমাদের বৈদেশিক লেনদেন ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অনিশ্চয়তা স্থানীয় রপ্তানিমুখী শিল্প উৎপাদনকে ব্যাহত করছে। যার প্রভাব কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়তে পারে।
ইএইচটি/এমকেআর